সুদের টাকা দিয়ে আয়কর পরিশোধ করা

প্রশ্ন

ট্যাক্স রিবেট পাওয়ার উদ্দেশ্যে কেনা সঞ্চয়পত্র থেকে যে সুদের অর্থ পাওয়া যায়, সেই অর্থ যদি আয়কর পরিশোধের কাজে ব্যবহার করা হয়, তাহলে কি তা বৈধ হবে?
পারভেজ

উত্তর

সুদের টাকা দিয়ে আয়কর পরিশোধ করা বৈধ নয়। কারণ,

প্রথমত: সুদী চুক্তিতে জড়িত হওয়া কবিরা গুনাহ।

দ্বিতীয়ত: এর মাধ্যমে পরোক্ষভাবে সুদ থেকে উপকৃত হচ্ছেন। কারণ, কর পরিশোধ করা নাগরিক হিসেবে আপনার দায়িত্ব। সুদের মাধ্যমে সে দায় থেকে অব্যাহতি নেওয়া জায়েজ নয়।

সুদ ও যেকোনো ধরনের অবৈধ আয়ের ক্ষেত্রে বিধান হচ্ছে, যদি উক্ত গৃহীত অর্থের মূল মালিক পাওয়া যায় তাহলে সে অর্থ তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা। যদি মূল মালিক জানা না যায় বা খুঁজে পাওয়া সম্ভব না হয় তাহলে মূল মালিকের পক্ষ থেকে দায়মুক্তির উদ্দেশ্যে সাওয়াবের নিয়ত ব্যতীত দরিদ্র অথবা জনকল্যাণমূলক কোনো খাতে সাদাকাহ করে দেওয়া।

আর ট্যাক্স রিবেট পাওয়ার উদ্দেশ্যে বিনিয়োগ করতে হলে অবশ্যই শারিয়াহসম্মত কোনো খাতে বিনিয়োগ করতে হবে। যেমন: শারিয়াহ পরিপালন করে এমন মিউচুয়াল ফান্ড, শারিয়াহর মানদণ্ডে উত্তীর্ণ শেয়ার ইত্যাদি।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.